বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
যশোর শহরের জনবহুল সড়কের পাশে প্রাচীরের উপরে রাখা হ্যান্ডমাইক। তাতে বাজছে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। হঠাৎ করে মাইকে ভাষণ বাজতে দেখে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
স্থানীয়রা জানান, যশোর শহরের ব্যস্ততম সড়ক চারখাম্বা মোড়। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মোড়টিতে হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ভাস্কর্য থাকাতে মোড়টির নাম হয়েছিল শেখ রাসেল চত্বর। জুলাই গণঅভ্যুত্থানের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেটি ভেঙে দেয়। শনিবার রাতে মোড়টি থেকে চৌরাস্তা যেতে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরির বাড়ির প্রাচীরের উপরে কে বা কারা সাদা ও নীল রঙের হ্যান্ডমাইক রেখে যায়। তাতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভার ভাষণটি বাজতে থাকে। পরে কোতোয়ালী মডেল থানা পুলিশের সদস্যরা মাইকটি জব্দ করেছে।
স্থানীয় চা দোকানদার রমজান বলেন, হঠাৎ দেয়ালের উপরে রাখা মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। প্রথমে বুঝতে পারিনি। কাছে এসে দেখি হ্যান্ডমাইকে বাজছে। মাইকের পাশে দুটি বড় ফুলগাছের ডাল ঝুলে থাকাতে কারা মাইকটি রেখেছে, সেটা দেখা যায়নি।
যশোর কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, চারখাম্বা মোড়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজছে। পরে পুলিশ গিয়ে মাইকটি নিয়ে আসে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।